খুলনার কয়লাভিত্তিক কেন্দ্র নিয়ন্ত্রণ করবে ভারত
খুলনার কয়লাভিত্তিক কেন্দ্র নিয়ন্ত্রণ করবে ভারত
ভারত থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি মূল্য নির্ধারণ করবে দিল্লি![]()
সংগ্রাম ডেস্ক : ভারত থেকে বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার হোটেল শেরাটনে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। হোটেল শেরাটনে সকাল ১০টায় স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। বিকেল ৩টায় বৈঠক শেষ হয়। ওই বৈঠক শেষে পিডিবি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। সাংবাদিকদের এ চুক্তির কথা জানান।
বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎ সচিব এইচএস বর্মা। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। এ জন্য ১৩০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করতে হবে। বাংলাদেশের অংশে ৪৫ কিলোমিটার ও ভারতের অংশে ৮৫ কিলোমিটার সঞ্চালন লাইন হবে। দুই দেশের সঞ্চালন ব্যবস্থার পার্থক্যের কারণে বাংলাদেশের ভেরামারায় একটি বিশেষ সাব-স্টেশন স্থাপন করা হবে।
বাংলাদেশের সঞ্চালন লাইন ও সাব স্টেশন নির্মাণে খরচ ধরা হয়েছে ১১শ কোটি টাকা। এ জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি টেন্ডার আহবান করা হবে ও আগামী জুলাই মাসেই কার্যাদেশ দেয়া হবে।
এছাড়া খুলনায় আমদানিকৃত কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের ব্যাপারে এ বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রটির তত্ত্বাবধানে থাকবে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি)। বাংলাদেশের পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোর আধুনিকীকরণেও ভারত আগ্রহ দেখিয়েছে বলে জানান বিদ্যুৎ সচিব।
খুলনায় নির্মিতব্য এই বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধান কেন ভারতের হাতে থাকবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতের বিদ্যুৎ সচিব বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ভারতের অভিজ্ঞতা অনেক বেশি হওয়ায় এর তত্ত্বাবধান করবে ভারত।
আমদানিকৃত বিদ্যুতের দাম কেমন হবে- এমন প্রশ্নের জবাবে ভারতের বিদ্যুৎ সচিব বলেন, এ বিষয়ে ভারতের রেগুলেটরি কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ভারতীয় মুদ্রায় ইউনিটপ্রতি ২ থেকে ২.২ রুপি হতে পারে বলে তিনি জানান।
এছাড়া, খুলনায় প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি সমঝোতা চুক্তি গতকাল স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পিডিবি ও ভারতের পক্ষে এনটিপিসি এ চুক্তি স্বাক্ষর করে।