বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ করতে বিলম্ব হবে
ঢাকাসহ সারা দেশের গ্রাহকদের মধ্যে দুই কোটি ৬৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাল্ব বিনা মূল্যে বিতরণের সরকারি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হবে। কারণ এ বাল্ব কেনার জন্য এখনো দরপত্র আহ্বান করা হয়নি। অথচ আসন্ন গ্রীষ্ম মৌসুমে অন্তত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনার অংশ হিসেবে চলতি ও আগামী মাসে দুই পর্যায়ে এসব বাল্ব বিতরণের কথা ছিল। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হওয়ায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ের সুফল পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী চলতি মাসে এ প্রকল্পের প্রথম পর্যায় ও আগামী মাসের (মার্চ) শুরুতে দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করার কথা ছিল। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক প্রথম আলোকে বলেন, প্রকল্পটি বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হবে। তাই দরপত্র প্রক্রিয়ায় তাদের কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে। এতে সময় লাগছে। তাই এ মাসেও বাল্ব কেনার জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে না।
সারা দেশে গ্রাহকদের মধ্যে দুই কোটি ৬৫ লাখ বিদ্যুত্সাশ্রয়ী বাল্ব বিতরণের সিদ্ধান্ত মন্ত্রণালয় চূড়ান্ত করে গত বছরের ১ সেপ্টেম্বরের সভায়। ওই সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সাশ্রয় হওয়া বিদ্যুৎ সেচকাজে সরবরাহ করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের প্রথম পর্যায়ে ফেব্রুয়ারি মাসে এক কোটি পাঁচ লাখ এবং দ্বিতীয় পর্যায়ে মার্চ মাসে এক কোটি ৬০ লাখ বাল্ব বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পে গ্রাম-শহর নির্বিশেষে প্রত্যেক গ্রাহককে দুটি করে সিএফএল বাল্ব বিনা মূল্যে দেওয়ার কথা।
বিশ্বব্যাংকের ২৬৫ কোটি টাকা অনুদানসহ প্রায় ২৯৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এ প্রকল্প বাস্তবায়িত হলে ৩৫০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে সরকারি হিসাবে বলা হয়। একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে প্রায় তিন হাজার কোটি টাকা দরকার। এ ছাড়া বিদ্যুৎসাশ্রয়ী বাল্বকে পরিবেশ-সহায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাই সারা দেশে এ বাল্ব সংযোজন করার পর আন্তর্জাতিক ‘কার্বন ক্রেডিট’ তহবিল থেকে অনুদান পাওয়ার সম্ভাবনার বিষয়ও মন্ত্রণালয়ের ভাবনায় ছিল। প্রসঙ্গত, বৈশ্বিক উষ্ণতা কমানোর যেকোনো কাজের জন্য এ তহবিল থেকে অনুদান দেওয়া হয়।